সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন আসিফ আকবর

সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন আসিফ আকবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দলে প্রত্যাবর্তন নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর এক টক শোতে জানিয়েছেন, সাকিব নিজে জাতীয় দলে খেলতে আগ্রহী এবং বোর্ড পরিচালকদের সম্মতিতেই তাকে ফিরিয়ে আনার প্রস্তাব এগিয়ে নেওয়া হয়েছে।

আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি তার সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি আবার জাতীয় দলের হয়ে খেলতে চান। এ সময় তার বিরুদ্ধে চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সাকিবের আইনজীবী ইতোমধ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। খুব শিগগিরই, সম্ভবত রোববার বা সোমবারের মধ্যে, সংশ্লিষ্ট কেসের নথিপত্র ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আসিফ আকবর।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, সাকিবের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স এখনো দারুণ। যদি তার ফিটনেস সন্তোষজনক থাকে, তাহলে জাতীয় দলে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় ব্র্যান্ড।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে, যাতে তাদের জাতীয় দলে ফেরানোর পথ সুগম হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও চলতি মাসে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মিলেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement