আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন কিংবদন্তি, সিদ্ধান্ত জানাবেন ডিসেম্বরের আগে

আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন কিংবদন্তি, সিদ্ধান্ত জানাবেন ডিসেম্বরের আগে ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৪:৩৪, ২৫ অক্টোবর ২০২৬

আইপিএলের আগামী আসরে খেলবেন কি না, সে বিষয়ে চলতি বছরের ডিসেম্বরের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফিটনেস ও শারীরিক সক্ষমতা যাচাই করেই পরবর্তী মৌসুমে মাঠে নামার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি।

আইপিএল শুরুর আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। প্রতিটি মৌসুমের আগে কিংবা শেষ পর্যায়ে তাকে ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা। এবারও তার খেলা নিয়ে গুঞ্জনের মধ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।

সম্প্রতি বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে যোগ দিয়ে আসন্ন আইপিএল ও নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ধোনি। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি আরও একটি মৌসুম খেলতে চান কি না।

জবাবে রসিকতার সুরে ধোনি বলেন, ‘ডাক্তার সাহেব, আগে আমাকে শারীরিক পরীক্ষাটা করাতে হবে। আপনাকে মেডিকেল রিপোর্টটা দিতে হবে এবং তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে যে, আরও একটি মৌসুম মাঠে লড়াই করার মতো প্রয়োজনীয় শক্তি আমার শরীরে আছে কি না।’

এরপর হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আর যদি আমি সেই ফিটনেস ফিরে না পাই, তবে বুঝতেই পারছেন, আপনাদেরই নিশ্চিত করতে হবে যে আমার সঙ্গে যেন সবকিছু ঠিকঠাকভাবে করা হয়। এই পুরোনো ভিন্টেজ গাড়িটা যেন রাস্তায় ভালোভাবে চলতে পারে, সেই দায়িত্বটা আপনাদেরই নিতে হবে। সুতরাং সব চাপ এখন চিকিৎসকদের উপরেই।’

ধোনির ফিটনেস ও পরবর্তী আইপিএলে অংশগ্রহণ নিয়ে এই বক্তব্যের পর তার ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। তবে আগামী মৌসুমে তাকে মাঠে দেখা যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আগের আইপিএল আসরগুলোতে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে ধোনির ভূমিকা কৌশলগতভাবে সীমিত রাখা হয়েছিল। সাধারণত ইনিংসের শেষ দিকে, অর্থাৎ স্লগ ওভারে ব্যাট করতে নামতেন এই উইকেটকিপার-ব্যাটার। ক্রিজে নেমে চার-ছক্কার ঝড় তুলে দলের রান বাড়ানোর পাশাপাশি দর্শকদেরও মাতিয়ে রাখতেন তিনি।

আইপিএলে এখন পর্যন্ত ২৭৮টি ম্যাচ খেলেছেন ধোনি। এর মধ্যে ২৪২টি ইনিংসে ব্যাট করে ৩৮.৩০ গড়ে এবং ২৪টি অর্ধশতকের সাহায্যে তার সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে।

অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন ধোনি। তার নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে আইপিএলের অন্যতম সফল দল হিসেবে পরিচিতি পেয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব ওঠার পর চেন্নাইয়ের পারফরম্যান্সে ওঠানামা দেখা গেছে। গত দুই মৌসুমে দলটি পয়েন্ট তালিকার তলানির দিকে থেকে আসর শেষ করেছে। এর আগে ২০২৩ সালে ধোনির নেতৃত্বেই সর্বশেষ আইপিএল শিরোপা জিতেছিল হলুদ জার্সিধারীরা।

এখন দেখার বিষয়, শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর ধোনি আরও একটি আইপিএল মৌসুমে মাঠে নামার সিদ্ধান্ত নেন কি না।

শেয়ার করুনঃ
Advertisement