মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে ২৩৭ বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে ২৩৭ বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

Published : ১৪:২২, ২৫ অক্টোবর ২০২৬

পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে কাউন্টারে এসে বাস না পেয়ে বিপাকে পড়ছেন অনেকে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল থেকে এ রুটের সব বেসরকারি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।

সমিতির সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নত করতে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তাঁরাও সম্মতি দেন। পরে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করেননি। বরং এ রুটে আরও দুটি বাস যুক্ত করেন।

এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। তবে শনিবার ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে কিশোরগঞ্জের মালিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

সমিতির সিদ্ধান্তে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস চলাচল বন্ধ রয়েছে। সব মিলিয়ে এ রুটে বন্ধ রয়েছে ২৩৭টি বাস।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকায় যেতে আসা যাত্রীরা কাউন্টারে গিয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে বিকল্প পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। তবে বিকল্প পথে যাতায়াত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে গোলাপবাগ রুটে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের বাস চলাচল চালু রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ
Advertisement