ফারুকী-তিশার সংসার ভাঙার গুঞ্জন, মুখ খুলে যা বললেন নির্মাতা

ফারুকী-তিশার সংসার ভাঙার গুঞ্জন, মুখ খুলে যা বললেন নির্মাতা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৩:৫৮, ২৫ অক্টোবর ২০২৬

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। এমনকি তাঁরা আলাদা থাকছেন বলেও দাবি করা হচ্ছে। তবে এসব খবরকে মিথ্যা প্রচারণা হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন ফারুকী।

ফারুকী বলেন, তাঁকে নিয়ে আগে থেকেই নানা ধরনের প্রচারণা ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। এখন ব্যক্তিগত আক্রমণও শুরু হয়েছে। তাঁর ভাষ্য, মিথ্যা সংবাদ প্রচার করলেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না। এসব বিষয়ে কথা বললে গুঞ্জনকে আরও প্রশ্রয় দেওয়া হবে বলেও মনে করেন তিনি। তাই এ বিষয়ে তিনি বা তিশা কেউই মন্তব্য করতে চান না। বরং নতুন কাজ নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তিনি।

বুসানে যাওয়ার আগে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেন ফারুকী। পরে ১৭ অক্টোবর দেশে ফিরে আবারও বিজ্ঞাপন নির্মাণে যুক্ত হন তিনি। বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। এর মধ্যে একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় হয়েছে। এটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।

আসন্ন নতুন সিনেমার গল্প নিয়েও কাজ করছেন ফারুকী। ছবিটির চিত্রনাট্য লেখার কথা জানিয়ে তিনি বলেন, এটি নতুন দিনের প্রেমের গল্প। তাঁর ভাষায়, প্রেম ও বন্ধুত্বের বাইরে যে ‘নো ম্যানস ল্যান্ড’ রয়েছে, সেই জায়গার গল্প এটি। তবে শেষ পর্যন্ত সেটিও প্রেমেরই একটি বিস্তৃত রূপ হতে পারে।

সিনেমাটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। গল্পের ধরন সম্পর্কে ফারুকী জানান, এটিকে রাজনৈতিক ব্যঙ্গচিত্র মনে করার সুযোগ থাকলেও এটি মূলত হৃদয়ভাঙার এক গল্প।

অন্যদিকে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তিশাও। তাঁর রয়েছে ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

শেয়ার করুনঃ
Advertisement