প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা
Published : ১৪:৫৪, ৭ নভেম্বর ২০২৬
এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ—এমন সুবিধা নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার আয়োজিত এ গাড়ির বাজারে দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি। গাড়ির পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও।
গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে পরিবার-পরিজন নিয়ে আসছেন অনেকে। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন ব্র্যান্ড, মডেল ও দামের তুলনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।
গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ ইতোমধ্যে আট সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে। গতকাল নবমবারের মতো আইসিসিবিতে বসে এ গাড়ি কেনাবেচার আয়োজন।
আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এ আয়োজনের অন্যতম বিশেষত্ব হলো, একই জায়গায় গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ রয়েছে। ফলে নতুন গাড়ি কিনতে আগ্রহীরা একসঙ্গে বিভিন্ন বিকল্প যাচাই করতে পারছেন। অন্যদিকে, যাঁরা নিজেদের পুরোনো গাড়ি বিক্রি করতে চান, তাঁরাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে গাড়ি প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।
বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি বেশি। ২০০০ সালের পুরোনো মডেল থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে এ আয়োজনে। পাশাপাশি বিক্রির জন্য রাখা হয়েছে বিভিন্ন মডেলের মোটরসাইকেল।
ক্রেতাদের সুবিধার্থে গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে পছন্দের গাড়ি নির্বাচন থেকে শুরু করে অর্থায়নসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতাও একই জায়গা থেকে পাওয়ার সুযোগ থাকছে।
ক্রেতাদের আগ্রহ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন সময়ের ও বিভিন্ন ধরনের মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও এ আয়োজন নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে আয়োজনটি আরও সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত থাকে এ আয়োজন।
ব্যস্ত নগরজীবনে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি একই জায়গায় দেখা, পছন্দ ও কেনার পাশাপাশি ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ থাকায় ‘সুপার সেল কার বাজার’ ধীরে ধীরে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
































