৭ নভেম্বরের প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী
Published : ১১:২৬, ৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে এ দেশ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা পেয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর ক্ষমতাসীনদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের কারণে মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।
রিজভী বলেন, দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। চারদিকে নেমে এসেছিল অন্ধকার। সেই সময়ে জনগণের আকাঙ্ক্ষা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়া। জিয়াউর রহমান সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়েছিল। এতে একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত হওয়ার আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়। মানুষ চরম অরাজকতা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভের মধ্য দিয়ে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।
রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর নেতৃত্বেই জাতি বহুদলীয় গণতন্ত্রের সন্ধান পায়।


































