যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে ভিসা না-ও মিলতে পারে: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে ভিসা না-ও মিলতে পারে: মার্কিন দূতাবাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩২, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা গ্রহণ করলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্যও হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা গ্রহণ করলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। কেউ ভিসার শর্ত লঙ্ঘন করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে গত ৩১ অক্টোবর দেওয়া আরেক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করে দূতাবাস। সেখানে বলা হয়, ভ্রমণকারীদের অবশ্যই ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) বা অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নিজের অবস্থানের অনুমোদিত সময়সীমা জানতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।

এ ছাড়া গত ২৮ অক্টোবর দেওয়া আরেক বিবৃতিতে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় মার্কিন দূতাবাস। এতে জানানো হয়, এই ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।

দূতাবাস আরও জানিয়েছে, নিজের ভিসা যথাযথভাবে ব্যবহার করা এবং এর নির্ধারিত শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর।

তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলে ভিসার ধরন, অবস্থানের অনুমোদিত সময়সীমা এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণসংক্রান্ত নিয়ম আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

শেয়ার করুনঃ
Advertisement