পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, কমল মলিনার শাস্তি

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, কমল মলিনার শাস্তি ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:৪৬, ৭ নভেম্বর ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষে জড়িয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার। আপিলের পর তাঁদের মধ্যে দুজনের শাস্তি কমিয়েছে ফিফা। তবে লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি কমিয়েছে। আগে তাঁকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আপিলে তা কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। একই সঙ্গে তাঁর জরিমানা ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। ফাইনালে স্পেনের শিরোপা উদ্‌যাপনের সময় মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মেরেছিলেন মলিনা।

তবে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের শাস্তি কমেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্‌যাপনের সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এ ঘটনায় তাঁর ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।

পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

তবে পারেদেসের নিষেধাজ্ঞা ও বৈষম্যমূলক স্লোগানের জন্য জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে চাওয়ার পর আপিল করবে সংস্থাটি। এএফএর দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

এর আগে ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। আগের আন্তর্জাতিক বিরতিতেই এই দুজনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

এদিকে চলতি মাসের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির অবসর-পরবর্তী প্রথম ম্যাচে আগামী ১৩ নভেম্বর বুয়েনস আয়ার্সে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শেয়ার করুনঃ
Advertisement