সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৯:৫১, ৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন অভিনেত্রী পরীমনি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় ওই আয়োজনে তাঁর অংশ নেওয়ার কথা থাকলেও সাংবাদিকদের আপত্তির পর তাঁকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

শনিবার সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠানের এক সদস্য একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের অনুরোধেই পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে ৬ নভেম্বর পরীমনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামের সিএফভিএর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিবাদ জানান। একপর্যায়ে কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়। পরে সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকেরা।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান পরীমনি। এ সময় ওই সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী ও তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে।

পরীমনি ও তাঁর দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, লিফটে ওঠার সময় পরীমনির ভিডিও ধারণ করতে গেলে তিনি তাঁর ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে অবশ্য সাংবাদিক নিজের ফোনটি ফিরিয়ে নেন।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তাঁর মাথা ফেটে যায়।

তবে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আয়োজক প্রতিষ্ঠানের ওই সদস্য।

শেয়ার করুনঃ
Advertisement