অনুষ্ঠিত হলো ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ–২০২৬
Published : ২০:৫৬, ৭ নভেম্বর ২০২৬
তরুণ প্রজন্মের ব্যবসায়িক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা ও উদ্যোক্তাসুলভ চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ–২০২৬’। বিজনেস জিনিয়াস বাংলাদেশ-এর উদ্যোগে এবং ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM)-এর সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অডিটোরিয়ামে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ আয়োজনে দেশের বিভিন্ন স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিজনেস স্টাডিজ কুইজ প্রতিযোগিতা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা সেমিনার, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, গেম শো এবং করপোরেট পেশাজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় পর্ব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ব্যবসায় শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI in Business Studies)’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনা। এতে বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশ-এর উপদেষ্টা ড. নাহিন মামুন।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও ক্যারিয়ার পরিকল্পনা সেমিনার পরিচালনা করেন বিজনেস জিনিয়াস বাংলাদেশ-এর চেয়ারম্যান এম এ নাহিয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিওনা লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হোসাইন, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম শাহরিয়ার কবির, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের চেয়ারম্যান জাহিদা বেগম, বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) বাহাউদ্দিন মিয়া, সুইফট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান পলাশ এবং ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক শাকাওয়াত হোসাইন শুভ।
বিজনেস জিনিয়াস বাংলাদেশ-এর চেয়ারম্যান ও প্রধান আয়োজক এম এ নাহিয়ান স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা এম আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল তারকাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়, ম্যাগাজিন প্রকাশনা, সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষাবিদদের সঙ্গে লাইভ টক শো এবং ‘কফি উইথ করপোরেট’ শীর্ষক বিশেষ পর্ব। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা করপোরেট খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে পরিচিত হওয়া, পেশাগত যোগাযোগ গড়ে তোলা এবং বাস্তব কর্মজগৎ সম্পর্কে ধারণা অর্জনের সুযোগ পান।
দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসাইন।
আয়োজকদের মতে, ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ–২০২৬-এর মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে ব্যবসায়িক জ্ঞান, নেতৃত্বের গুণাবলি, উদ্যোক্তাসুলভ চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও পেশাগত যোগ্যতা বিকাশে উৎসাহ জোগানো। পাশাপাশি শিক্ষাঙ্গন ও করপোরেট খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও উদ্যোক্তা হওয়ার পথ আরও সমৃদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজনে সহযোগিতায় ছিল পারফেক্ট ইলেকট্রনিক্স, আকিজ বেকার্স লিমিটেড এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
































