হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস খাদে, উদ্ধারে এগিয়ে এলেন মসজিদের মুসল্লিরা

হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস খাদে, উদ্ধারে এগিয়ে এলেন মসজিদের মুসল্লিরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২০, ৬ মার্চ ২০২৬

বাগেরহাটে যাত্রীবোঝাই একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে ফকির বাড়ি এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের মসজিদে থাকা মুসল্লি এবং স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান এবং আহতদের বের করে আনেন। এতে কয়েকজন যাত্রী আহত হন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে সহায়তা না করলে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয় এবং পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement