জ্বালানি সংকটে রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট বন্ধ
Published : ১৪:৫৫, ৬ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর অনেক বাস কাউন্টারে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে গিয়ে এমন পরিস্থিতির দেখা পাওয়া গেছে। কোথাও কোথাও টিকিট বিক্রি চললেও যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ট্রেনের আগাম টিকিট অনলাইনে বিক্রি স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে।
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কয়েকটি কাউন্টারে হাঁকডাক করে টানা চতুর্থ দিনের মতো ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহে সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকে অধিকাংশ বাস কাউন্টার আপাতত আগাম টিকিট বিক্রি বন্ধ রেখেছে।
এদিকে কাউন্টারে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন, কিছু কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও সেখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে অনলাইনেও কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যাচ্ছে না বলেও তারা দাবি করছেন।
তবে যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেছে বাস মালিকপক্ষ। তাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার মধ্যেই টিকিট বিক্রি করা হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।
বিডি/এএন


































