সম্পন্ন হলো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার অনুষ্ঠিত
Published : ০০:০০, ৭ মার্চ ২০২৬
রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ইফতার ও দোয়া-২০২৬’ আয়োজনটি এক প্রাণবন্ত পুনর্মিলনীতে পরিণত হয়।
রমজানের পবিত্রতা ভাগাভাগি করা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজনের উদ্যোগ নেয়।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী আব্দুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী এবং সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভাগের সাবেক শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের পারস্পরিক এই বন্ধনই একটি বিভাগের সবচেয়ে বড় শক্তি।
সাংবাদিকতা অত্যন্ত দায়িত্বশীল একটি পেশা, আর এই বিভাগের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এমন আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, ‘এই ইফতার আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এটি আমাদের সবার একসঙ্গে মিলিত হওয়ার একটি বিশেষ উপলক্ষ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে আমরা নিয়মিত বিভিন্ন ধরনের আয়োজন করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের পর একটি ডে-লং পিকনিক আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘বিভাগের অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় ও শক্তিশালী করতে আমরা নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।
এই ইফতার আয়োজনটিও তারই একটি অংশ। এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয়, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। আমরা চাই, বিভাগের সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকুক এবং পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করুক।’
সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ইমন বলেন, ‘প্রতিবছর রমজান মাসে এমন আয়োজন করতে পারা আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’
ইফতার শুরু হওয়ার আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবছরের মতো এবারও এই ইফতার মাহফিলটি সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক আনন্দঘন ও প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রমজানের এই আয়োজন তাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। অনেকের মতে, এই দিনটি যেন ঈদের আগেই আরেকটি আনন্দঘন পুনর্মিলনীতে পরিণত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই ভবিষ্যতেও বিভাগের উন্নয়ন এবং অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি/এএন


































