৬ বছরের শিশুকে খাবার দিয়ে প্রলুব্ধ করে ধর্ষণ, গ্রেপ্তার ১
Published : ১৪:১৭, ৭ মার্চ ২০২৬
নওগাঁর ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এই জঘন্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত মতিবুল ওই গ্রামেরই মোকলেছুর রহমানের ছেলে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শিশুটির মায়ের ভাষ্যমতে, বাড়ির পাশে খেলাধুলা করার সময় মতিবুল তাকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীকালে শিশুটিকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বজনরা দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার মা এই ঘটনায় জড়িত পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, নারী ও শিশু নির্যাতকদের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থান বজায় রাখবে।
বিডি/এএন































