বাগদাদের সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা
Published : ১০:১৭, ৭ মার্চ ২০২৬
ইরাকের রাজধানী বাগদাদে সামরিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ফলে একটি সংরক্ষণাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে নিরাপত্তা সূত্রের দাবি, একটি ড্রোন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অংশে গিয়ে আঘাত হানে। এতে সেখানে থাকা একটি গুদামঘরে আগুন ধরে যায় এবং ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ড্রোনটি পড়ার প্রায় এক ঘণ্টা আগে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছিল, বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের লজিস্টিক সহায়তা কেন্দ্রে রকেট হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাগদাদের পশ্চিমাঞ্চলের আবু গারিব এলাকা থেকে একটি যানবাহনের মাধ্যমে রকেটগুলো ছোড়া হয়। পরে রকেটগুলো একটি খোলা স্থানে গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তা বাহিনী পুরো এলাকাজুড়ে সতর্কতা জোরদার করেছে।
ইরাকি কর্মকর্তারা আরও জানান, হামলায় ব্যবহৃত গাড়িটি পরে জব্দ করা হয়েছে। তল্লাশির সময় গাড়িটির ভেতরে আরও কয়েকটি রকেট পাওয়া যায়, যেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত অবস্থায় ছিল। ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গত কয়েক দিন ধরেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গত তিন দিনের মধ্যে একাধিক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অন্যদিকে পৃথক আরেকটি ঘটনায় ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় তেল ও জ্বালানি খাতে কার্যরত একটি মার্কিন কোম্পানির স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইরাকের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর ওই স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং ঘটনাটি ঘিরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিডি/এএন
































