জাকসুর বিশেষ বাস, ৪ জেলার শিক্ষার্থীরা পাবেন সুবিধা

জাকসুর বিশেষ বাস, ৪ জেলার শিক্ষার্থীরা পাবেন সুবিধা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৯, ৭ মার্চ ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চারটি জেলায় দূরপাল্লার বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। নির্ধারিত ভাড়া পরিশোধ এবং সব আসন পূর্ণ হওয়া সাপেক্ষে এসব বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ছেড়ে যাবে।

শুক্রবার (৬ মার্চ) দূরপাল্লার এই বাস সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেন জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান।

জানা গেছে, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো যাত্রা শুরু করবে। এই সেবায় ব্যবহৃত হবে বিআরটিসির ডাবল ডেকার বাস, যেখানে প্রতিটি বাসে মোট ৭৫টি করে আসন থাকবে।

এদিকে বাসে আসন সংরক্ষণের জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত। এর মধ্যে নির্ধারিত ভাড়া পরিশোধের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আসন নিশ্চিত করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি জেলার উদ্দেশ্যে বাস চলাচল করবে। এর মধ্যে ক্যাম্পাস–রংপুর ও ক্যাম্পাস–বগুড়া রুটের বাসগুলো যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

অন্যদিকে ক্যাম্পাস–খুলনা রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। পাশাপাশি ক্যাম্পাস–বরিশাল রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালের দিকে যাত্রা করবে।

জাকসুর সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী একসঙ্গে বাড়ি ফেরার পরিকল্পনা করে থাকেন। তাদের যাতায়াতকে আরও নিরাপদ, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যেই এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement