ইসরায়েলের ভয়াবহ হামলা, তেহরানে তছনছ সরকারি অবকাঠামো

ইসরায়েলের ভয়াবহ হামলা, তেহরানে তছনছ সরকারি অবকাঠামো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪০, ৭ মার্চ ২০২৬

ইরানের রাজধানী তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের আক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক কর্তৃপক্ষ।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরের দিকে ইসরায়েলি বাহিনী নতুন করে এ হামলা শুরু করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নতুন হামলার অংশ বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ইরান থেকে আবারও এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেগুলো ইসরায়েলের দিকে ধেয়ে আসছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আরও জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং সেগুলো ঠেকানোর চেষ্টা চলছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পাশাপাশি ইসরায়েলের দিকেও হামলা অব্যাহত রাখে দেশটি। বর্তমানে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement