সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৪, ৭ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির।

শনিবার (৭ মার্চ) সকালে প্রকাশিত এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে ‘সৌদি আরবের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি আগ্রাসন’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কাঠামোর মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে ইরান পরিস্থিতি মোকাবিলায় বিচক্ষণতা ও যুক্তির পথ অনুসরণ করবে এবং কোনো ধরনের ভুল হিসাব বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকবে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে থাকা দায়বদ্ধতার কারণে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পাকিস্তানকে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা।

চুক্তি স্বাক্ষরের সময় সৌদি আরব ও পাকিস্তান উভয়ই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিল। এটি এমন এক প্রেক্ষাপটে হয়েছিল, যখন কাতারের রাজধানীতে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

অন্যদিকে ইরান ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা কারণে সংবেদনশীল ও জটিল। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছিল। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে, নাকি সরাসরি সামরিকভাবে সংঘাতে জড়িয়ে পড়বে—এ বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement