ভুল করে ইফতারে স্যালাইনের বদলে কীটনাশক পান, অতঃপর...

ভুল করে ইফতারে স্যালাইনের বদলে কীটনাশক পান, অতঃপর... ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৪, ৭ মার্চ ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মিশ্রিত পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ তিনজনকে দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন— চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে ব্যবহারের জন্য আনা কীটনাশক ভুল করে খাবার স্যালাইন মনে করেন।

পরে সেটি পানিতে গুলে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পরই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনদের সহযোগিতায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেশী আমিনুল ইসলাম বলেন, আলুক্ষেতে প্রয়োগ করার জন্য কীটনাশকটি আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক কাছাকাছি জায়গায় রাখার কারণে ভুলবশত কীটনাশকই পানিতে গুলে পান করা হয়।

এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের হাসপাতালে পৌঁছে দেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্যালাইন ভেবে তারা কীটনাশক মিশ্রিত পানি পান করেছিলেন। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement