কোন দেশের জাহাজ চলবে হরমুজ প্রণালীতে? তালিকা দিল আইআরজিসি

কোন দেশের জাহাজ চলবে হরমুজ প্রণালীতে? তালিকা দিল আইআরজিসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৮, ৭ মার্চ ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্র নয়, তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধার মুখে পড়বে না বলেও জানানো হয়েছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি শুক্রবার (৬ মার্চ) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বজুড়ে যে পরিমাণ তেল ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে থাকে।

হরমুজ প্রণালীকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলেও অভিহিত করা হয়। কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো তাদের বিপুল পরিমাণ জ্বালানি সম্পদ এই পথ ব্যবহার করেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। এই প্রণালী না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজভাবে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা সম্ভব হতো না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। একই সময়ে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement