আটকে পড়ে রোনালদোর সাহায্য চাইলেন আকিল হোসেন

আটকে পড়ে রোনালদোর সাহায্য চাইলেন আকিল হোসেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৬, ৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে ভারতে আটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্যারিবিয়ান ক্রিকেটারদের দেশে ফেরাতে একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে। যদিও তারা ঠিক কবে নাগাদ নিজ দেশে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে মজার ছলে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চার্টার বিমান চেয়ে বসেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসেন। সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।

পোস্টে আকিল হোসেন লেখেন, ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন তাকে উদ্ধার করেন। কারণ, রিয়াদে ইরানের হামলার ঘটনার পর আল নাসরের তারকা রোনালদো ব্যক্তিগত চার্টার বিমানে করে সৌদি আরব ত্যাগ করেছিলেন। যদিও বিষয়টি তিনি রসিকতার ছলেই বলেছেন।

এদিকে বাস্তবে খুব শিগগিরই চার্টার ফ্লাইটে করে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দেশে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চার্টার ফ্লাইটের মাধ্যমে খেলোয়াড়দের নিজ দেশে পাঠানো হতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে বিমান চলাচলের প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

বিবৃতিতে আরও জানানো হয়, ভারতের বিপক্ষে শেষ ম্যাচ শেষ হওয়ার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের টিম ম্যানেজমেন্ট আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement