কুড়িগ্রামে পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক পাবনায় গ্রেপ্তার
Published : ১৪:১৯, ২৬ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) রাতে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবির তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বনগ্রাম এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১২, সিপিসি-২, পাবনার সদস্যরা অংশ নেন।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে রৌমারী উপজেলার শিবেরভাঙ্গি এলাকায় বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে। রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে পাঁচ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন নজরুল ইসলাম (৫০), শরিফা খাতুন (৫০), লিপি আক্তার (৪৫), শিশু রিশাদ (১০) ও তুবা আক্তার (৮)। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক লুৎফর শেখ পালিয়ে আত্মগোপনে যান। পরে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চর রাজিবপুরের বাসিন্দা সুরমান আলী (৬৫) বাদী হয়ে ১৮ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার লুৎফর শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, দুর্ঘটনার পরদিন মামলা নথিভুক্ত করা হয়। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ট্রাকচালককে সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে হাজির করা হবে।
































