রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩টি

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩টি ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৬, ২৬ অক্টোবর ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ ও গুলশান বিভাগে ৭৮ জন করে এবং উত্তরা বিভাগে ৫৭ জন গ্রেপ্তার হয়েছেন। রমনা বিভাগ থেকে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ। এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement