জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত
Published : ১৩:২৮, ২৬ অক্টোবর ২০২৬
জরিমানা বা সারচার্জ ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যানবাহনের মালিক ও চালকেরা অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই কেবল মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে পারবেন।
এ সুবিধার আওতায় মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ থাকছে।
গ্রাহকদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে জানিয়ে নির্ধারিত তারিখের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিআরটিএর পক্ষ থেকে এটিকে জরিমানা ছাড়াই কাগজপত্র হালনাগাদের শেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাই যেসব যানবাহনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে কিংবা হালনাগাদ করা প্রয়োজন, সংশ্লিষ্ট মালিক ও চালকদের ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি পরিশোধ করে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।






























