বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের জাপানি বিনিয়োগের উদ্যোগ, লক্ষ্য পাঁচ বছর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের জাপানি বিনিয়োগের উদ্যোগ, লক্ষ্য পাঁচ বছর ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বাসস

Published : ১৩:০৬, ২৬ অক্টোবর ২০২৬

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার ২২ অক্টোবরের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের আলোচনায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগ উদ্যোগের আওতায় বাংলাদেশের গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্প খাত এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে অর্থায়নের সম্ভাবনা রয়েছে। জাপানের সংশ্লিষ্টতায় গড়ে ওঠা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগও এ পরিকল্পনার অংশ হতে পারে।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ যুক্ত রয়েছে। এসব অঞ্চলে জাপানি বিনিয়োগ বাড়লে উৎপাদনশিল্পের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ এবং জাপানের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।

জাপান সফরে দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মিতসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা-সহ বড় জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনার কর্মসূচি রয়েছে।

টোকিওতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামেও মূল বক্তব্য দেবেন তারেক রহমান। দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এতে অংশ নেবেন। বুধবার ইউনিক্লোর প্রধান কার্যালয় পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সফরের শেষ দিন বৃহস্পতিবার নাগোয়া শহরে টয়োটা মোটর করপোরেশনের মোটোমাচি কারখানা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই হয়। চুক্তিটির কার্যকর বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদার করা সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রস্তাবিত বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের গাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনাও বাড়বে।

শেয়ার করুনঃ
Advertisement