শিক্ষার্থীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন
Published : ১৮:৩৯, ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও শিক্ষকতা করতেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়। অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিক্ষার্থীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে একই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার রায় দেন।































