জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল
Published : ১৫:২৮, ২৬ অক্টোবর ২০২৬
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর পোস্টে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করতে অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দিতে হবে না। এ সুবিধায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করতে পারবেন চালক ও মালিকরা।
গ্রাহকদের সুবিধার্থে এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।































