ইউরোপের তিন দেশের প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
Published : ১৫:৫৭, ২৬ অক্টোবর ২০২৬
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইউরোপ নিজেই সমস্যার অংশ হয়ে উঠেছে।
বাঘাই বলেন, গত দুই বছরে ইউরোপীয় দেশগুলো কোনো গঠনমূলক ভূমিকা পালন করেনি।
এর আগে, গত ২৩ অক্টোবর ইস্তানবুলে ইউরোপীয় ও আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে।
ওই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় ইউরোপীয় দেশগুলো এর নিন্দা জানায়নি। বরং তাদের দেওয়া কিছু বিবৃতি তাঁর ভাষায়, ‘মার্কিন সামরিক আগ্রাসনের প্রতি সমর্থনের’ শামিল ছিল।
সুত্র : বিবিসি

































