তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা

তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা তানজিন তিশা | ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৫:৫৩, ২৬ অক্টোবর ২০২৬

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আগের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে করা এ মামলায় আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সানায়া। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত অভিযোগ আমলে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশার বিরুদ্ধে আগের মামলা করার পর থেকেই সেটি তুলে নিতে বাদীকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। গত ৭ নভেম্বর ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সানায়ার দাবি, আগের মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি জানানোর পর অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে তাঁকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। এমনকি দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি নতুন মামলাটি করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এর আগে, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন সানায়া। ওই মামলার তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। শাড়িটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তিশা তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন সানায়া।

গত ২৫ মে পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে জানায়, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। আদালত নারাজি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুনঃ
Advertisement