নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুদ প্রায় ৯৭.৬৯ বিসিএফ
Published : ১৬:৪১, ২ নভেম্বর ২০২৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপের দুটি জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বাপেক্সের হিসাবে, এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা এবং কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব।
সোমবার (২ নভেম্বর) কূপটিতে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাপেক্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও সংস্থাটির নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত বাপেক্সের ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপের ফলাফলের ভিত্তিতে কূপটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাপেক্সের বিজয়-১০ রিগ দিয়ে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খননের পর কূপটির দুটি পৃথক জোনে গ্যাসের সন্ধান মেলে। পরিকল্পনা অনুযায়ী, এই কূপ থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।
কূপটির প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপে তেল কিংবা অন্য কোনো পদার্থের উপস্থিতি আছে কি না, তা যাচাই করতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নতুন এই গ্যাসের সন্ধান দেশের জাতীয় জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।































