জ্বালানি সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

জ্বালানি সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৭, ৯ মার্চ ২০২৬

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের স্বল্পতার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রায় প্রতিদিনই পাম্পগুলোতে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকেই তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে গেছে। কেউ সেহরি শেষ করে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার পর তেল নিতে পেরেছেন। অনেক চালকের কাছে তেল পাওয়া এখন যেন ‘সোনার হরিণ’ পাওয়ার মতো কঠিন হয়ে উঠেছে।

চালকদের অভিযোগ, সীমিত পরিমাণে তেল দেওয়ায় তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত কারে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। ফলে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন।

এক মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি প্রয়োজন অনুযায়ী তেল পাননি। দীর্ঘ সময় অপেক্ষা করেও সীমিত পরিমাণ তেল পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, তারা রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছে। তবে ডিপো থেকে সময়মতো তেল সরবরাহ না আসায় মাঝে মাঝে পাম্পে তেল দেওয়া বন্ধ রাখতে হচ্ছে বলেও তারা জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন শোধনাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব সরাসরি জ্বালানি তেলের সরবরাহে পড়ছে এবং কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে। তাই মজুত থাকা তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য আপাতত রেশনিং ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করে সবাইকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বানও জানিয়েছেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement