সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর আবেদন
Published : ১৫:৩১, ৯ মার্চ ২০২৬
দেশে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড। প্রতিষ্ঠানটি চাইছে প্রতি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বৃদ্ধি করে ১২৩৫ টাকায় নির্ধারণ করা হোক।
মূল কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় দাম এখনও কম থাকায় ক্রসফিলিংয়ের সমস্যা সৃষ্টি হচ্ছে।
রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের আলোকে এই দাম বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরে একই কোম্পানি সাড়ে ১২ কেজির গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকায় বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
সেই সময়ও ক্রসফিলিং বন্ধ করার পাশাপাশি ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ এবং অন্যান্য চার্জ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব বাতিল করে।
এবারও দাম বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে এবং এটি এখন মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় রয়েছে।
বিডি/এএন

































