মায়ামিতে মেসিকে দেখে উচ্ছ্বসিত সামিরা খান মাহি
Published : ১৯:০৬, ২৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির অসংখ্য ভক্তের মধ্যে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী সামিরা খান মাহিও। প্রিয় তারকাকে সরাসরি দেখার সুযোগ কখনো পাবেন, তা ভাবেননি তিনি। তবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে গিয়ে মেসিকে দেখার সেই সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে মেসিকে সরাসরি দেখার অভিজ্ঞতা শেয়ার করেন মাহি। ছবিগুলোতে মায়ামির নু স্টেডিয়ামে বান্ধবীদের সঙ্গে দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাসহ আরও এক বান্ধবী। ছবিতে তাদের আনন্দঘন মুহূর্তের পাশাপাশি দেখা গেছে মেসিকেও।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।’
গত ১৫ অক্টোবর নু স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচটিতে মেসি গোল না পেলেও ২-০ ব্যবধানে জয় পায় তার দল। গ্যালারিতে বসে বান্ধবীদের সঙ্গে ম্যাচটি উপভোগ করেন মাহি। তবে ম্যাচের কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখেছেন তারা। সেই ভ্রমণের মধ্যেই মেসির খেলা সরাসরি দেখার অভিজ্ঞতা মাহির জন্য হয়ে উঠেছে স্মরণীয় এক মুহূর্ত।
































