দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি তিনজনে একজন

দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি তিনজনে একজন ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০১, ২৪ অক্টোবর ২০২৬

দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। বিভিন্ন ধরনের লিভার রোগে ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। অথচ দেশে হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ না নিলে ভবিষ্যতে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে ডা. মিলন অডিটরিয়ামে আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’-এ এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানের বৈজ্ঞানিক সেশনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ। এ ছাড়া হেপাটাইটিস সিসহ অন্যান্য লিভার রোগেও আক্রান্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি মানুষের লিভার রোগের চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম প্রয়োজন। তবে এ জন্য পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তিনি জানান, একসময় দীর্ঘমেয়াদি লিভার রোগের প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি ও সি ভাইরাস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন অস্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভাব, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করার মতো অভ্যাস ভবিষ্যতে লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের বিভিন্ন জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়া পরিচালনায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে লিভারের রোগে আক্রান্ত হলেও অনেক সময় প্রাথমিক পর্যায়ে স্পষ্ট লক্ষণ দেখা যায় না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম শাকিল গনি লিভার রোগের চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে একটি লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সরকারি হাসপাতালগুলোতে লিভার প্রতিস্থাপন সেবা চালুর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, লিভার রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সহযোগিতা করবে এবং সরকারি হাসপাতালগুলোতে এ সেবা চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement