আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে নেমেছে পুলিশ
Published : ১২:১৫, ২৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আসিফ আকবর মগবাজারের বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন।
পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পেছনে ব্যক্তিগত বিরোধ, নাকি পেশাগত কোনো দ্বন্দ্ব রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে জনপ্রিয়তা ধরে রেখেছেন আসিফ আকবর। সংগীতের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই শিল্পী।
হামলায় জড়িতদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

































