বন্যায় ১৮ জনের প্রাণহানি, বেশি চট্টগ্রামে
Published : ১৪:০৭, ২৪ আগস্ট ২০২৪
ভারত থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির পানিতে আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। এর মধ্যে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত এই সচিব।
কে এম আলী রেজা বলেন, ‘এ পর্যন্ত বন্যাকবলিত হয়েছে ১১টি জেলার ৭৭টি উপজেলা। জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার।’
সচিব জানান, ‘বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামের ৫ জন, কুমিল্লার ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুর জেলায় একজন করে মারা গেছেন।’
তিনি জানান, ১১টি জেলায় মোট ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৬৯ জন। বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ।
তবে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। সচিব বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বিভিন্ন নদ-নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ টাকা নগদ এবং ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ১৫ হাজার বস্তা শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিশুখাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকা এবং পশুখাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য ৭৭০টি মেডিক্যাল টিম কাজ করছে।
বিডি/এম































