আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্র
Published : ০০:১২, ১৪ মার্চ ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানের ওপর বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন হুমকিমূলক বক্তব্য দেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, আজকের রাত ইরানের জন্য আরেকটি বড় আঘাতের রাত হতে যাচ্ছে। তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি দেখা যেতে পারে। তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ীই যুক্তরাষ্ট্র তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইতোমধ্যে ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তার ভাষায়, এটি সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বড় একটি সাফল্য।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী সপ্তাহে ইরানের ওপর আরও শক্তিশালী হামলা চালানো হতে পারে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যে নতুন তথ্য প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে—ইরানে চালানো হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিভিন্ন কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন স্থাপনা এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীও তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। বিবিসি নিউজ ফার্সি তেহরানের স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছে, ভোর প্রায় ৫টা পর্যন্ত এসব হামলা তীব্রভাবে চলতে থাকে।
শুক্রবার সকালে আরাক শহরে বিমান হামলার বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। একই ধরনের হামলার খবর কারাজ শহর থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিডি/এএন































