ঈদের আগে ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

ঈদের আগে ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৭, ১৩ মার্চ ২০২৬

ঈদের সময় যারা দূরের গন্তব্যে যাত্রা করবেন, বাড়ি ফিরবেন কিংবা ঘুরতে বের হবেন—তাদের অনেকের কাছেই আকাশের বর্তমান পরিস্থিতি কিছুটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ এবং আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। ফলে সামনের দিনগুলোতেও আবহাওয়ার এমন অবস্থা কিছুটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে দেওয়া আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে এই সময়ে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

একই সময়ে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসকে কালবৈশাখী ঝড়ের মৌসুম হিসেবে ধরা হয়। তবে এ বছর এখন পর্যন্ত দেশে তেমন কোনো কালবৈশাখী ঝড় আঘাত হানেনি। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে।

তিনি আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস সাধারণত তিন দিনের মধ্যে সবচেয়ে নির্ভুলভাবে দেওয়া যায়। পূর্বাভাসের সময়সীমা যত দীর্ঘ হয়, তার নির্ভুলতার মাত্রা তত কমে যায়।

নাজমুল হকের ভাষ্য অনুযায়ী, ঈদের এখনও প্রায় সাতদিন বাকি। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ধারণা করা যাচ্ছে, ঈদের দিন দেশের কিছু কিছু অঞ্চলে সাময়িক বৃষ্টিপাত হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

আপাতত ১৬ ও ১৭ মার্চে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই সময়েই অনেক মানুষ ঈদের ছুটিতে বাড়ির পথে রওনা দেবেন, ফলে ওই সময় বৃষ্টির কারণে তাদের যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

তিনি বলেন, ১৬ ও ১৭ মার্চ বৃষ্টি হওয়ার পর বৃষ্টিপাতে সাময়িক বিরতি আসতে পারে। তবে একেবারে বৃষ্টিহীন অবস্থা হবে এমনটা বলা যাচ্ছে না। মার্চ মাস হওয়ায় দেশের বিভিন্ন স্থানে অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। যেখানে বৃষ্টি হবে, সেখানে আধাঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, কোথাও টানা বা দীর্ঘস্থায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ঠিক কোন এলাকায় কখন বৃষ্টি হবে, তা এত আগে নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ প্রতিদিনের আবহাওয়া পূর্বাভাসে কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে।

ঈদের সময় খুব বেশি দমকা হাওয়ার সম্ভাবনাও নেই। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা কম, তবে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এর সঙ্গে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আপাতত কিংবা ঈদের সময় খুব বেশি গরম থাকার সম্ভাবনা নেই। সে সময় দেশের তাপমাত্রা প্রায় ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সূত্র: বিবিসি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement