গুরুতর আহত হলেও জীবিত খামেনির স্ত্রী

গুরুতর আহত হলেও জীবিত খামেনির স্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৫, ১৩ মার্চ ২০২৬

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিবারকে ঘিরে নানা গুঞ্জন এখনো থামেনি। এবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। এর আগে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়েছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানায়, বাগেরজাদেহ ওই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন। আগে যেসব খবরে তার মৃত্যুর কথা বলা হয়েছিল, সেগুলো সঠিক নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, হামলায় পাওয়া আঘাতের কারণে তিনি মারা গেছেন। এমনকি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক পর্যায়ে জানিয়েছিল, তিনি কোমায় আছেন। পরে ফার্স নিউজ জানায়, প্রাথমিকভাবে আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা হওয়ার কারণেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার আবারও বাগেরজাদেহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে মায়ের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি।

মাশহাদের একটি শিয়া পরিবারে জন্ম নেওয়া মনসুরেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে আলি খামেনিকে বিয়ে করেন। তাদের ছয়টি সন্তান রয়েছে। খামেনির রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়, কারাবাস এবং নানা অনিশ্চয়তার মধ্যেও স্ত্রীর সমর্থনের কথা তিনি অতীতে বহুবার উল্লেখ করেছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় আলি খামেনি নিহত হন বলে জানানো হয়। এরপর প্রতিশোধ হিসেবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement