অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’: কী হবে এর ভূমিকা

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’: কী হবে এর ভূমিকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

দেশটির কোনো নারী যেন তথাকথিত ‘যৌন অতৃপ্তি’তে ভুগে না থাকেন—এই লক্ষ্য সামনে রেখে ইউরোপীয় রাষ্ট্র আর্মেনিয়ায় ‘মিনিস্ট্রি অব সেক্স’ নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছে নতুন রাজনৈতিক দল স্ট্রং আর্মেনিয়া। জাতীয় নির্বাচনের প্রাক্কালে দলটির এমন ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা।

দলটির সহপ্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেন, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ যৌন অতৃপ্তি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সমস্যার সমাধানে একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা যেতে পারে, যা একই সঙ্গে আর্মেনিয়ার ক্রমাগত কমে আসা জন্মহার মোকাবিলাতেও সহায়ক ভূমিকা রাখতে পারে।

‘মিনিস্ট্রি অব সেক্স’ ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আরমেন খাচিকিয়ান। ‘ট্রায়াঙ্গল’ নামের একটি পডকাস্টে তিনি বলেন, যৌন অতৃপ্তির কারণেই নারীরা আগের চেয়ে বেশি রাজনীতিমুখী হচ্ছেন। ওই পডকাস্টের উপস্থাপক লেভন সারগিজভ বিষয়টি দেখভালের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন।

কারাপেতিয়ান জানান, সম্ভাব্য মন্ত্রণালয়টির নাম হতে পারে ‘মিনিস্ট্রি অব সেক্স’। তবে এটি কীভাবে পরিচালিত হবে বা কী ধরনের কর্মসূচি থাকবে—সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট রূপরেখা দেননি।

এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সংসদ সদস্য সোনা গাজারিয়ান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্যগুলোকে ‘চরম সেক্সিজম’ বলে আখ্যায়িত করেন। তার ভাষায়, নারীদের নিজস্ব সিদ্ধান্তের অধিকার খর্ব করে তাদের পুরুষতান্ত্রিক কল্পনা ও অশালীন প্রতিশ্রুতির স্তরে নামিয়ে আনা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কারাপেতিয়ানের বক্তব্য ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নারীবাদী ইনফ্লুয়েন্সার লুসি কোচারিয়ান এক পোস্টে লিখেছেন, নির্বাচনের আগে নিজেদের যৌন ভাবনা আর্মেনিয়ার নারীদের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করা উচিত।

সমালোচনার মুখে কারাপেতিয়ান দাবি করেন, তার বক্তব্য প্রসঙ্গচ্যুতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সরকার কি তার শব্দচয়ন নিয়ে বিরক্ত, নাকি তিনি খোলাখুলি সমস্যার কথা বলছেন বলেই তারা অস্বস্তিতে? তার মতে, একটি সুস্থ সমাজ ও একটি সুস্থ আর্মেনিয়া গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement