যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধ করল ইরান
Published : ১১:৩৩, ২ মার্চ ২০২৬
ইরানের জাতীয় নিরাপত্তা–সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
দেশটির প্রভাবশালী এই রাজনৈতিক ব্যক্তিত্ব গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন। ওইসব প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। লারিজানি সেই দাবি নাকচ করে দেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘মিথ্যা আশ্বাস’ দিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছেন। এখন মার্কিন সেনাদের সম্ভাব্য হতাহতের আশঙ্কায় তিনি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন লারিজানি।
লারিজানির ভাষ্য অনুযায়ী, ভুল কৌশল ও সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প তার বহুল প্রচারিত ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে কার্যত ‘ইসরায়েল ফার্স্ট’–এ রূপান্তর করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রভাব ও স্বার্থ রক্ষার লক্ষ্যে মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত লারিজানি দাবি করেন, ইরানি বাহিনী কোনো আগ্রাসন শুরু করেনি। তার বক্তব্য অনুযায়ী, ইরান আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং সংঘাত উসকে দেওয়ার উদ্যোগ তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি।
বিডি/এএন
































