কুয়েতে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান
Published : ১৪:৩১, ২ মার্চ ২০২৬
কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তসংলগ্ন একটি জনবসতিহীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এর দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, কুয়েতের আকাশে সংঘটিত একটি হামলার ঘটনার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি উঠেছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আল জাজিরা–এর এক সংবাদদাতা জানান, বিধ্বস্ত বিমানটি থেকে দুই পাইলট বেরিয়ে আসেন। তাদের একজন পুরুষ এবং অপরজন নারী। তবে তাদের জাতীয়তা বা পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এই সংঘাত আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশটির ভৌগোলিক পরিসর বড় হওয়ায় অভিযান সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে, তবে তা চার সপ্তাহের বেশি দীর্ঘায়িত হবে না। তিনি আরও দাবি করেন, এ অভিযানে সৌদি আরব যুক্ত হয়েছে। যদিও এ বিষয়ে রিয়াদ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিডি/এএন
































