ইকরার মৃত্যুর পর ফেসবুক আইডি ও চ্যাটিং মুছে দিল কারা?

ইকরার মৃত্যুর পর ফেসবুক আইডি ও চ্যাটিং মুছে দিল কারা? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৪, ২ মার্চ ২০২৬

অভিনয়শিল্পী স্বামী জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভূঁইয়া)–র সঙ্গে পারিবারিক কলহের জেরে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রোববার তাঁকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ আসর দাফন করা হয়।

সোমবার দুপুরে নতুন করে জানা যায়, ইকরার ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। বেলা একটার সময় পর্যন্ত তাঁর আইডি সচল থাকলেও দেড়টার দিকে বান্ধবীদের একজন সামিয়া আলম বিষয়টি টের পান। তিনি দাবি করেন, ইকরার ফেসবুক আইডি জাহের আলভী হ্যাক করেছেন।

ফেসবুক হ্যাক হওয়ার বিষয়টি কীভাবে বুঝতে পারলেন—এমন প্রশ্নে সামিয়া জানান, তাঁদের তিন বান্ধবীর একটি আলাদা চ্যাট গ্রুপ ছিল। সেখানে হঠাৎ দেখা যায়, ইকরার পাঠানো আগের সব বার্তা মুছে গেছে।

বিষয়টি নিয়ে অন্য এক বান্ধবীর সঙ্গে আলোচনা করে তাঁরা সন্দেহ করেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর পেছনে জাহের আলভী থাকতে পারেন।

কেন আলভীর বিরুদ্ধে এমন অভিযোগ—জানতে চাইলে সামিয়া বলেন, এর আগেও আলভীর বিরুদ্ধে ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগ শোনা গেছে। তিনি মনে করেন, ইকরার কাছের বন্ধুরা হওয়ায় তাঁদের সঙ্গে হওয়া কথোপকথন মুছে ফেলতে চাওয়া হয়েছে।

কারণ, ওই গ্রুপে ইকরা তার পারিবারিক সংকট ও স্বামী-সংক্রান্ত নানা অভিযোগ শেয়ার করেছিলেন। সেসব তথ্য মুছে ফেললে হয়তো সংশ্লিষ্ট কেউ দায় এড়াতে পারবেন—এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সামিয়া আরও জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি পল্লবী থানা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

এদিকে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত জাহের আলভীর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রোববার রাতে দেশে ফিরেছেন বলে শোনা গেলেও তাঁর সরাসরি উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।

ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রোববার বিকেলে তিনি নেপাল থেকে ঢাকায় অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছান এবং কিছু সময় বিমানবন্দরের ভেতরে অবস্থান করেন।

পরে একজনের মধ্যস্থতায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন বলে জানা যায়। তবে দেশে ফেরার পর থেকে তাঁর মোবাইল ফোন, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement