সৌদি আরামকোর তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা

সৌদি আরামকোর তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫২, ২ মার্চ ২০২৬

সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শোধনাগার এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারে—এমন ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

উল্লেখ্য, শোধনাগারটির দৈনিক পরিশোধন ক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবে কাজ করে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement