যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগানে শক্তিশালী টর্নেডোর তান্ডব, প্রাণহানি ৪
Published : ১৬:৪৪, ৭ মার্চ ২০২৬
শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান অঙ্গরাজ্যে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ঝড়ের তীব্রতায় অনেক বসতবাড়ি ও বড় বড় স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। শুক্রবার (৬ মার্চ) এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, টর্নেডোর আঘাতে ব্রাঞ্চ কাউন্টিতে তিনজন এবং ক্যাস কাউন্টিতে একজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভবনের ছাদ উড়ে যাচ্ছে। ঝড়ের তীব্রতায় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি, বড় গাছপালা এবং সাইনবোর্ড উপড়ে পড়ে যায়, যার ফলে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্যাস কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় বাড়িঘরের কেবল ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা টর্নেডোর সতর্কতা জারি করার কিছুক্ষণ পরই এই দুর্যোগ শুরু হয়। ঝড়ের কারণে কয়েক শতাধিক বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় পড়েছেন। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে স্থানীয় উদ্ধারকারী দল এবং প্রশাসনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য একটি ‘রাজ্য জরুরি অপারেশন সেন্টার’ চালু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
বিডি/এএন






























