ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন জরুরি সতর্কবার্তা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন জরুরি সতর্কবার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৪, ১৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ যদি নিজের ভ্রমণ ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না রাখেন কিংবা দেশটির সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার করেন, তাহলে তার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি এ ধরনের আচরণ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে।

শনিবার (১৪ মার্চ) ভ্রমণসংক্রান্ত একটি বিশেষ বার্তায় মার্কিন দূতাবাস এ বিষয়ে কঠোর নির্দেশনার কথা তুলে ধরে।

বার্তায় উল্লেখ করা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন, ব্যবসা, পড়াশোনা, সাংবাদিকতা কিংবা ট্রানজিট—সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে প্রত্যেক ভ্রমণকারীর নিশ্চিত হওয়া প্রয়োজন যে তিনি নিজ খরচে পুরো সফর পরিচালনা করতে পারবেন। বিশেষ করে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় যদি কেউ করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সেবা গ্রহণ করেন, তাহলে তার ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য আবেদন করার সময়ই আবেদনকারীদের আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কিছু দর্শনার্থী স্থানীয় সরকারি সুবিধা বা বিনামূল্যে প্রদান করা সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের অনিয়ম ঠেকাতে ওয়াশিংটন আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে।

মার্কিন দূতাবাস সবার প্রতি অনুরোধ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সম্ভাব্য জরুরি ব্যয়সহ পুরো সফরের জন্য পর্যাপ্ত অর্থের প্রস্তুতি নিশ্চিত করতে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement