সোমবার শাহাপাড়া খাল খননের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Published : ০৩:২৯, ১৪ মার্চ ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৬ মার্চ) উপজেলার সাহাপাড়া এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সাহাপাড়া–বলরামপুর খাল পরিদর্শন শেষে এ তথ্য জানান মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ ও সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেসব খাল খনন করা হয়েছিল, তার অনেকগুলোই বর্তমানে ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা, মাছ চাষ ও হাঁস পালনসহ খালনির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাহিদ হোসেন আরও বলেন, সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন করা হলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যার পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষকদের জন্য সেচ সুবিধাও বাড়বে।
তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। শুধু খাল খনন নয়, খালের পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণের মতো উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে, যাতে কৃষি উৎপাদন বাড়ে এবং স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটে।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে ১৬ মার্চ প্রধানমন্ত্রী আকাশপথে সৈয়দপুরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়ায় গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি জনসমাবেশে বক্তব্য দেবেন। পরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে গিয়ে তিনি তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিডি/এএন
































