বৃদ্ধাকে ভয় দেখানোর অভিযোগে রোবট আটক
Published : ১৪:২৪, ১৪ মার্চ ২০২৬
চীনের ম্যাকাও শহরে গত সপ্তাহে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে এক ৭০ বছর বয়সী বৃদ্ধাকে ভয় দেখানোর অভিযোগে পুলিশ একটি মানবাকৃতির রোবটকে আটক করেছে। এই তথ্য শনিবার (১৩ মার্চ) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে দেখা গেছে, মহিলা যখন রোবটটির দিকে চিৎকার করছেন, তখন রোবটটি দুই হাত উঁচু করে দাঁড়িয়ে ছিল। পরে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়, তবে দ্রুত ছেড়ে দেওয়া হয়।
ম্যাকাও পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহিলা তখন তার মোবাইল ফোনের দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ তার পেছন থেকে ৪ ফুট ৪ ইঞ্চি লম্বা ইউনিট্রি জি১ মডেল রোবটটি তার দিকে আসে। মহিলা চমকে ওঠেন এবং রোবটটির দিকে তাকিয়ে ক্রমশ ধমক দিতে থাকেন। ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ অফিসার রোবটটিকে রাস্তা থেকে সরিয়ে নিচ্ছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, রোবটটি ম্যাকাওর একটি শিক্ষা কেন্দ্রের মালিকানাধীন এবং ওই এলাকায় একটি প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছিল। রোবটটি ৫০ বছর বয়সী একজন ব্যক্তি দূর থেকে নিয়ন্ত্রণ করছিলেন। পুলিশ তাকে সতর্ক করেছে যে, রোবট পরিচালনার সময় পথচারীদের বিপদে ফেলা বা ভয় দেখানো এড়াতে হবে।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষ এ ঘটনার প্রতি মজার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘মনে হচ্ছে রোবটটির একজন আইনজীবী দরকার,’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি জেলে যাচ্ছো, দোস্ত।’ এই ঘটনার মাধ্যমে প্রযুক্তি ও মানুষের অপ্রত্যাশিত সংযোগের মজার ও অদ্ভুত দিকগুলোও ফুটে উঠেছে।
বিডি/এএন






























