অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন করেছে সুপ্রিম কোর্ট
Published : ১২:৪৫, ১৪ মার্চ ২০২৬
রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিচারপতিদের সমন্বয়ে দুটি পৃথক চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।
আগামী ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম অবকাশে থাকবে। এই সময়েও যেন নাগরিক ও বিচারপ্রার্থীরা জরুরি আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন এই সময় নির্ধারিত তারিখগুলোতে বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুযায়ী এসব শুনানি ভার্চ্যুয়াল পদ্ধতিতে কিংবা সরাসরি শারীরিক উপস্থিতির মাধ্যমে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী) পরিচালিত হবে। ফলে দীর্ঘ ছুটির মধ্যেও গুরুত্বপূর্ণ আইনি জটিলতা বা স্থগিতাদেশ সংক্রান্ত আবেদন নিষ্পত্তির সুযোগ বজায় থাকবে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রথম পর্যায়ে দায়িত্ব পালন করবেন বিচারপতি এস এম এমদাদুল হক। তিনি চলতি মার্চ মাসের ১৫, ১৬, ৩০ এবং ৩১ তারিখ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি বিষয়গুলোর শুনানি গ্রহণ করবেন।
পরবর্তী ধাপে এপ্রিল মাসে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রেজাউল হক। তিনি ৭, ৮, ১৫ এবং ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন এবং জরুরি মামলাগুলোর শুনানি নেবেন।
উল্লেখ্য, অবকাশকালীন সময়ে উচ্চ আদালতের নিয়মিত বেঞ্চগুলো সাধারণত বসে না। তবে চেম্বার জজরা বিশেষ ক্ষমতাবলে জরুরি বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করতে পারেন, যা বিচারপ্রার্থীদের জন্য তাৎক্ষণিক আইনি প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি করে।
বিডি/এএন


































