আটকের পর গভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি

আটকের পর গভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৫, ১১ অক্টোবর ২০২৬

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর শনিবার গভীর রাতে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে নিজের বাসা থেকে তাঁকে আটক করা হয়েছিল বলে সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন ধ্রুব রাঠি। ভোটার তালিকায় কথিত অনিয়ম ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাধারণ পোশাকে প্রায় ৩০ জন পুলিশ সদস্য গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার এলাকায় ধ্রুব রাঠির বাসায় যান। পরে তাঁকে আটক করে সেক্টর ৩৯-এ অবস্থিত অপরাধ তদন্ত শাখার কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি এবং প্রশাসনের সতর্কতা অমান্য করার আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছিল। এক পুলিশ কর্মকর্তার দাবি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা কার্যকর থাকায় তাঁকে কর্মসূচিতে যোগ না দেওয়ার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল।

এদিকে, ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগে দিল্লিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বহু মানুষকে আটকের কথা বলা হয়েছে; তবে আটকের মোট সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য রয়েছে।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যে ধ্রুব রাঠির আটক ও পরবর্তী সময়ে মুক্তির ঘটনা ভারতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

শেয়ার করুনঃ
Advertisement